সোমবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২

দীর্ঘ বিরতির পর আবারও প্রতিদ্বন্দ্বিতায় ফিরলেন ধানের শীষের প্রার্থী দুলু

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :

দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (২৮ ডিসেম্বর) নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুর আনুমানিক ২টার দিকে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট দুলু বলেন, প্রায় ২৪ বছর পর আবার সংসদ নির্বাচনের মাঠে নামলাম। সর্বশেষ ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলাম। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছি—এ জন্য আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, দীর্ঘ দুই যুগ ধরে নাটোরের জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচনে সেই সুযোগ ফিরে এসেছে। ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অ্যাডভোকেট দুলু দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০০১ সালে নাটোরের মানুষ যেভাবে ধানের শীষের পক্ষে রায় দিয়েছিল, এবারও জনগণ একইভাবে বিএনপিকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৮-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.