সোমবার | ২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২

নাটোরে এনসিপি প্রার্থীর কার্যালয়ে হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক :
নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক এনসিপির প্রার্থী এস এম জার্জিস কাদিরের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে এনসিপির দুই কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন—সুলতান সরকার (৪২) ও আবদুল আহাদ (৫০)। দুজনই মৌগ্রাম এলাকার বাসিন্দা। তাঁদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এনসিপি ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় এনসিপির জেলা কমিটির আহ্বায়ক ও প্রার্থী এস এম জার্জিস কাদির তাঁর নিজ নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। হঠাৎ ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয় ঘিরে ফেলে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত কর্মীদের মারধর করে। এতে দুজন কর্মী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সুলতান সরকার অভিযোগ করে বলেন, হামলায় বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের কর্মীরা জড়িত। তিনি দাবি করেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক প্রচার সম্পাদক আবদুল জলিল (৪৫), নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম হোসেন (২৬) এবং বিএনপি কর্মী আবদুস কুদ্দুস (৫০) দেশীয় অস্ত্র নিয়ে হামলায় নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ, বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন আওয়ামী লীগের ক্যাডারদের ব্যবহার করছেন।
উল্লেখ্য, বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের চাচাশ্বশুর।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন। তিনি বলেন, “আমার কোনো কর্মী বা সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নন। একটি মহল পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে চাইছে।”
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০২-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.