
রাশিদুল ইসলাম রাশেদ :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লুটেরা, ব্যাংক ডাকাত ও শেয়ারবাজার লুণ্ঠনকারীরা দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন ও সামর্থ্য দেন, সেই টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। এরপর ইনসাফের ভিত্তিতে যেসব এলাকা দীর্ঘদিন বঞ্চিত, উন্নয়নের বরাদ্দ সেখানেই আগে যাবে। কারো মামু–খালা, পদবি বা পরিচয় দেখা হবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আমরা অতীতের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করতে চাই না। কে কতটা পবিত্র—এই বিতর্ক অর্থহীন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই একই বাগানের ভিন্ন ভিন্ন ফুল। সবাই মিলেই এই দেশ। ধর্মের ভিত্তিতে কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, আজ বিচার ব্যবস্থাও টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। না হলে ভয়াবহ ঋণখেলাপিরা কীভাবে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখে? সাধারণ মানুষ ও রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী—একই অপরাধে সবার জন্য একই বিচার নিশ্চিত করাই প্রকৃত ন্যায়বিচার। জাতি সেই বিচার দেখার জন্য মুখিয়ে আছে।
তিনি আরও বলেন, যারা অতীতেও লুট করেছে, এখনো লুট করছে—ভোটাররা তাদের জন্য লাল কার্ড তৈরি করে রেখেছে। দেশের সাড়ে ১২ কোটি ভোটার সাড়ে ১২ কোটি লাল কার্ড দেখাতে প্রস্তুত।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। ৫৪ বছরে যারা শাসন করেছে, তাদের শাসনের ফলাফল মানুষ যাচাই করে দেখছে। তরুণ সমাজ ইতোমধ্যে ন্যায় ও সত্যের পক্ষে রায় দিয়েছে। তারা কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের সঙ্গী হতে চায় না।
নারী নিরাপত্তা ও কল্যাণ রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই—মদিনার আদলে শান্তি ও সাম্যের বাংলাদেশ—যেখানে নারীরা নিরাপদে চলাফেরা ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় করার প্রয়োজন হবে না।
স্বাস্থ্যখাতে পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চিকিৎসাসেবা দেওয়া হবে। ৬০–৬৫ বছরের পর বয়স্কদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব সরকার নেবে। দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন এবং বিভাগ ও জেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।
যুব সমাজকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার অঙ্গীকার করে তিনি বলেন, এতদিন তরুণদের যোগ্য সুযোগ দেওয়া হয়নি। সেই সুযোগ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কোন বেকার ভাতা নয়, সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারা দেশ গঠনে কাজ করবে।
জনসভায় নাটোর জেলা জামায়াতের আমির নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জোটের অন্যান্য নেতারা। এ সময় নাটোরের চারটি আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। জনসভায় দলীয় ও জোটভুক্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।