শুক্রবার | ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

নতুন বাংলাদেশের স্বপ্নে বাধা দিলে মানুষ ছাড় দেবে না: পুতুল

রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না এবং ‘সংখ্যালঘু’ শব্দটি ইতিহাসে পরিণত হবে—সবার পরিচয় হবে বাংলাদেশি।
সোমবার (২ জানুয়ারি, ২০২৬) লালপুর উপজেলার কলসনগর কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফারজানা শারমিন পুতুল বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের যে সব মৌলিক অধিকার দিতে পারে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার সবকটি নিশ্চিত করবে। তিনি আরও বলেন, চাকরি প্রদানের ক্ষেত্রে দলীয় পরিচয় বা আদর্শ নয়, যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি। প্রতিটি পরিবারের সন্তান তার মেধা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবে।
স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, লালপুর–বাগাতিপাড়ায় ধানের শীষের জনপ্রিয়তা ঠেকাতে যারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের অনেকেই দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত নিজেদের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি প্রার্থী বলেন, নারীকে অবমাননাকর ভাষায় আক্রমণ করা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দিলে জনগণ তা কখনো মেনে নেবে না।
দলের দীর্ঘদিনের রাজনৈতিক প্রস্তুতির কথা তুলে ধরে ফারজানা শারমিন পুতুল বলেন, প্রায় দেড় দশক ধরে বিএনপি একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণ করে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। বিএনপি সরকার গঠন করলে দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই এই কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.