
নিজস্ব প্রতিবেদক :
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপিকে ভাঙার চেষ্টা গত ১৭ বছর ধরেই চলছে, কিন্তু কোনো শক্তিই এতে সফল হয়নি। তিনি বলেন, “মাফিয়াতন্ত্র বহু চেষ্টা করেও বিএনপির একটি কর্মীকেও সরাতে পারেনি। ধানের শীষ ভাঙা যায় না, বিএনপিও ভাঙা যায় না।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পুতুল বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ভেদাভেদ থাকবে না। “আমরা নতুন প্রজন্মের জন্য একটি সত্যিকারের বাংলাদেশ গড়তে চাই—যেখানে নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই পরিচিত হবে শুধু বাংলাদেশি হিসেবে,” বলেন তিনি।
প্রতিপক্ষ প্রার্থীর বিভিন্ন কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, “সব সময় কথার জবাব দিতে হয় না। প্রকৃত জবাব দিতে হবে ১২ তারিখ ব্যালটের মাধ্যমে। সেই জবাব হবে উন্নত লালপুর–বাগাতিপাড়া গড়ে তোলার মাধ্যমে, আমার মা-বোনদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে এবং যুব সমাজের উন্নয়নের মধ্য দিয়ে।”
আড়বাব ইউনিয়নে বিএনপির ব্যাপক জনসমাগমের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “দেখুন, আড়বাবে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। লালপুর–বাগাতিপাড়ার ধানের মধ্যে কোনো চিটা থাকবে না। এই এলাকার মা-বোন ও ভাই-বোনেরা একে একে সেই চিটা ঝেঁটিয়ে বিদায় করবে।”
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে ব্যারিস্টার পুতুল বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। শুধু পুরুষ এগিয়ে গেলে দেশ এগোবে না। নারী ও পুরুষ—উভয়কে নিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”
তিনি নির্বাচিত হলে লালপুর–বাগাতিপাড়া এলাকায় দুটি বিশেষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন। এর মধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান থাকবে শুধুমাত্র নারীদের জন্য এবং অপরটি যুব সমাজকে কেন্দ্র করে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক, বিএনপি নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ