শনিবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২

বাগাতিপাড়ায় জামায়াতের মহিলা বিভাগের মিছিল ও পথসভা

রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি,২০২৬) সকালে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টার দিকে বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত পথসভা।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে প্রায় তিন শতাধিক মহিলা কর্মী মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা বলেন, দেশের নারী সমাজ আজ সচেতন ও সংগঠিত। ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয় বলে তারা মত প্রকাশ করেন।
এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সত্য ও ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান।
মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৭-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.