
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
জনসভায় ব্যারিস্টার পুতুল বলেন, “বাংলাদেশের রাজনীতি একটি দীর্ঘ সংকটকাল অতিক্রম করেছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা উত্থান-পতনের পর ২০২৬ সালের পর দেশ একটি নতুন বাস্তবতায় প্রবেশ করবে।” তিনি বলেন, এই পরিবর্তিত বাংলাদেশের নেতৃত্বের প্রতীক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, সারাদেশের পরিবর্তনের ধারাবাহিকতায় লালপুর–বাগাতিপাড়ার মানুষও উন্নয়নের অংশীদার হবেন। এলাকার সার্বিক উন্নয়নে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীদের জন্য পৃথক শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে কেবল নারীরাই কাজ করার সুযোগ পাবেন।
জনসভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন খালেক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবলু চৌধুরী, মিজানুর রহমান ডিউক, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান ও মোহাম্মদ তারিকুল ইসলাম।
এছাড়াও জনসভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জনসভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিকবার হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু। সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৭-০৪