রবিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২

উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই – ফারজানা শারমিন

রাশিদুল ইসলাম রাশেদ :

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে মানবিক, গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন রাজনীতির বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা শুরু হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পুতুল বলেন, দল তাকে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ—ধানের শীষ প্রতীক—হাতে তুলে দিয়ে জনগণের কাছে পাঠিয়েছে। বাবা-মায়ের আশীর্বাদ এবং লালপুর-বাগাতিপাড়ার মানুষের প্রাণের দাবি ও প্রত্যাশা নিয়েই তিনি নির্বাচনের মাঠে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, “বহু বছর ধরে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে। আমরা সেই হারানো অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই।”
নারী ও যুবকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ায় নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির এই প্রার্থী বলেন, ধানের শীষ প্রতীককে মাঠছাড়া করতে নানা চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ এর জবাব দেবে।
পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষের বিপক্ষে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
দলের ভেতরের বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষের দরজা অনেক বড়, আমার হৃদয়ও বড়। যারা ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে গেছেন, ষড়যন্ত্র বন্ধ করে ফিরে আসুন—আমরা আপনাদের সাদরে গ্রহণ করব।”
ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার সমালোচনা করে ব্যারিস্টার পুতুল বলেন, ধর্ম মানুষের হৃদয়ে ধারণ করার বিষয়, এটি বেচাকেনার পণ্য নয়। ধর্মের নামে ভোটের রাজনীতি জনগণ আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু, হামিদুর রহমান বাবুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.