
প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, আমরা অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের বিরুদ্ধে নির্বাচন করছি। তারা ক্ষমতায় গেলে মানুষের ঘরবাড়ি দখল করবে, মিথ্যা মামলায় জেল খাটাবে—এটাই তাদের ইতিহাস। ৪৩ বছরের রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত লালপুর–বাগাতিপাড়ার মানুষের কল্যাণে ব্যয় করেছি। এখানেই আমার জন্ম, এখানেই আমার মৃত্যু হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খাজনা ও জমি কেনাবেচার জটিলতা নিরসন, নদী খনন, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল-মাদ্রাসার উন্নয়ন, স্থানীয় ও রাষ্ট্রীয়ভাবে বেকার সমস্যা সমাধান, নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, বিমানবন্দর চালু, যোগাযোগ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং লালপুর বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।
সভায় তিনি দাবি করেন, ইতোমধ্যে তার তদবিরে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক রাস্তার কাজ শুরু হয়েছে। তিনি লালপুর–বাগাতিপাড়ার মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও জেল-জুলুম থেকে বাঁচাতে নির্বাচনে দাঁড়িয়েছেন।
জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, “তারা নির্বাচিত হলে মসজিদকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করবে। কওমি মাদ্রাসা ও তাবলিগ জামাত বন্ধ করে দেবে।”
এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম বিমল, জেলা বিএনপি’র সাবেক সদস্য শ্রী রঞ্জিত সরকার, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল রহমান আরিফ, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এস এম জাহাঙ্গীর হোসেন মানিক, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৯-০৩