
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীর ভাঙন রোধে এবং অবৈধভাবে ভরাট মাটি ও বালু উত্তোলন বন্ধে একটি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) পদ্মার উত্তরপাড়ের উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে নিজ বাসভবনে এই কমিটি ঘোষণা করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো. সাফাত আলী। কমিটির সহসভাপতি মো. তাসলেম উদ্দীন, সহসাধারণ সম্পাদক মো. রবি মন্ডল। অন্যান্য সদস্যরা হলেন- মো. আব্দুল মজিদ (নওপাড়া), শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, মেহেদী হাসান, আনারুল ইসলাম, মিল্টন আলী, আসলাম আলী, সুমন আলী, মোহাম্মদ আলী ও মোস্তফা আলী।
জানা যায়, লালপুরের পদ্মা নদীর অন্যতম বড় চরাঞ্চল নওপাড়া ও পানসিপাড়ার নিম্নাঞ্চল। দীর্ঘদিন ধরে এখান থেকে অবৈধভাবে ভরাট মাটি ও বালু উত্তোলনের ফলে এলাকাটি তীব্র ভাঙন ঝুঁকির মুখে পড়েছে। গ্রামটিকে ভাঙন আতঙ্ক থেকে মুক্ত রাখতেই মূলত এই প্রাথমিকভাবে এই প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
বিএনপি নেতা হামিদুর রহমান বাবু বলেন, ‘আমি সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমার পরিচয় দিয়ে কেউ কোনো অপকর্ম করার সুযোগ পাবে না। পানসিপাড়াকে রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। এখান থেকে কাউকে এক ছটাক মাটি বা বালি অবৈধভাবে উত্তোলন করতে দেব না, আর আমি নিজেও এ ধরনের কাজে জড়াব না।’
তিনি আরও বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অপকর্মের বিরুদ্ধে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই এই জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।