শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২

দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ

নিজস্ব প্রতিবেদক।। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার সারাদেশে উদ্‌যাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনেই আসে ঈদের আনন্দবার্তা। দীর্ঘ সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস রমজান শেষে এই দিনটি মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য আবহ।

ইসলামিক বিধান অনুযায়ী, হিজরি মাস গণনা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। তাই রমজান মাস ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিনই ঈদ উদ্‌যাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে রমজান পূর্ণ করে ৩০ দিন পর ঈদ পালন করা হয়।

এবার চাঁদ দেখা যাওয়ায়, শনিবার (২১ মার্চ) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সম্পাদনায়: আ. স / প্রতিবেদন- নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.