
নিজস্ব প্রতিবেদক :
‘আমরা এক দুঃসময় পার করে আরেক দুঃসময়ে এসেছি। আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা। অনেক অনিয়ম-দুর্নীতি মধ্য আমরা সরকার গঠন করেছি। এগুলোকে আমরা ক্লিন করে ফেলবো। শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো।’
রোববার (২২ মার্চ ২০২৬) বিকেলে নাটোরের লালপুরের গৌরীপুরে নিজ বাসভবনে নাটোরের আরও তিনজন এমপির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা আমাদের চলছে। শুধু তেল না প্রত্যেকটা সেক্টরে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। বিরোধী দলের লোকেরাও বিষয়গুলো আশাকরি বুঝবে। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই।’
নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের এমপি জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা চারজন সবাই মিলেই নাটোরের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। আর আমরা একসঙ্গে কাজ করলে নাটোরকে সারা দেশের একটা উন্নয়নের, শান্তির শহর, জেলায় পরিণত করা যাবে। তাই সকল মানুষের সহযোগিতা আমরা চাই।’
এ সময় নাটোর-৩ (সিংড়া) আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি আব্দুল আজিজসহ চার এমপি একসঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নাটোরের চারটি আসনের সংসদ সদস্য ঐক্যবদ্ধ হয়ে সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।
এর আগে তাঁরা সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নাটোরের প্রশাসন, পুলিশের কর্মকর্তাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।