
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের মৃত জোয়াকুল ইসলাম ওরফে জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে বাবুল আলী (৪০)।
আহতরা হলেন, ভেল্লাবাড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড ১১-০৯-৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে একটি বাড়ির পাকা দেওয়াল ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর বাবুলের মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাউসার আলম জানান, আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মনির ও মেডিকেলে পৌছার পর বাবুলের মৃত্যু হয়েছে বলে জেনেছেন। আর রাজিবুল ইসলাম বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে একটি অটোরিকশা ভাড়া করে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আর রাজশাহী নেওয়ার পথে মনির ও হাসপাতালে পৌঁছার পর বাবুলের মৃত্যু হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।