
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের স্মৃতিচারণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। এদিন নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে মানবতার চরম লঙ্ঘন করা হয়। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে ও শহীদদের আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গণকবর পরিদর্শন ও দোয়া অনুষ্ঠিত হয়।