বুধবার | ১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
সোমবার (৩০ মার্চ,২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের। প্রযুক্তিগত সক্ষমতায় চীন বিশ্বে এগিয়ে রয়েছে উল্লেখ করে তিনি স্মার্ট কার্ড প্রযুক্তিতে দেশটির অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ একটি সমন্বিত ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে পরিবারকেন্দ্রিক সুরক্ষা নিশ্চিত করা হবে। কর্মসূচিটি আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলেও তিনি মত দেন।
তিনি আরও বলেন, দেশের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। এ ক্ষেত্রে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশংসা করে বলেন, এটি ইতোমধ্যে নিম্নআয়ের মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
রাষ্ট্রদূত বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতেও চীন বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে আগ্রহী। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় চীন, যাতে তারা টেকসইভাবে স্বনির্ভর হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, চীনের প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো গেলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জনগণের কল্যাণে ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থাকে আরও শক্তিশালী করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/৩১-১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.