শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২

আইসক্রিম আনতে গিয়ে আর ফেরা হলো না ইয়ামিনের

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন আলীর (১১) প্রাণ। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড় এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গৌরীপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. রজব আলী শুকুরের ছেলে ইয়ামিন ছিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নির্মাণ শ্রমিক বাবার স্বপ্ন ছিল ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার—কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু থামিয়ে দিল। ছোট ছেলেকে জড়িয়ে ধরে সেই স্বপ্নের কথা বলতে বলতে ভেঙে পড়ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, সেদিন ছিল স্কুল খোলার প্রথম দিন। টিফিনের সময় সহপাঠীদের সঙ্গে আইসক্রিম কিনতে বের হয় ইয়ামিন। হাসি-আনন্দে ভরা সেই মুহূর্তই হয়ে ওঠে তার জীবনের শেষ সময়। রাস্তা পার হওয়ার সময় লালপুরমুখী একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-২৫৬৬) তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরতরে না ফেরার দেশে পাড়ি জমায় ছোট্ট ইয়ামিন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুমাইয়া হক রাকা জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকতিয়ারুল ইসলাম বলেন, “রমজানের ছুটির পর প্রথম দিন ক্লাস শুরু হয়েছিল। টিফিনে বাইরে গিয়ে এমন দুর্ঘটনা ঘটবে, ভাবতেই পারিনি। আমরা সবাই শোকাহত।”
এদিকে, ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালক মো. বেল্লাল (৩৫)-কে আটক করেছে পুলিশ। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একটি আইসক্রিমের জন্য বের হওয়া শিশুটির আর ঘরে ফেরা হলো না—এ শোক এখন শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৪-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.