শুক্রবার | ১০ এপ্রিল, ২০২৬ | ২৭ চৈত্র, ১৪৩২

ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে ব্যাংক এশিয়ার  গ্রাহকদের সাথে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ব্যাংক এশিয়া গোপালপুর পিডিসি এজেন্ট আউটলেট কর্তৃক আয়োজিত এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রহাক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এভিপি ও হেড অব ইসলামিক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মওদুদ আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ এনামুল হক বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই ব্যাংকিং খাতের মূল শক্তি। তিনি ইসলামিক এজেন্ট ব্যাংকিং সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি গ্রাহকদের সঠিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সকল সেবা ব্যবহারের আহ্বান জানান এবং যে কোনো সমস্যা হলে সরাসরি শাখার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
বিশেষ অতিথি মওদুদ আহমেদ তার বক্তব্যে বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংক এশিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন এবং সঞ্চয়, বিনিয়োগ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা প্রতারণা থেকে নিরাপদ থাকতে পারেন।
সভায় উপস্থিত গ্রাহকরা ব্যাংকিং সেবা সম্পর্কিত বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের পরামর্শকে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদানসহ পারস্পরিক আস্থা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পদ্মা প্রবাহের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ মোজাম্মেল হক, মধুবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন,লালপুর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মোঃ সাজ্জাদ হোসেন, গোপালপুর বাজারের জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবু ওবাইদা, বৈদ্যনাথ পুর মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগা, গোরস্থান, কমিটির সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যাংকের গ্রাহকগণ।
পরে ব্যাংক এশিয়ার গোপালপুর এজেন্ট ব্যাংকিং শাখার বেস্ট ডিপোজিটর ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদনায়: আস/ নিজস্ব প্রতিবেদক ০৯.০৪.২০২৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.