
নিজস্ব প্রতিবেদক।। লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
২নং ঈশ্বরদী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১০টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ছেলেদের ও মেয়েদের পৃথক দুটি গ্রুপে বিভক্ত করে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ দুলাল উদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু তার বক্তব্যে বলেন,“শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মকে মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ, মেধাবী ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারবো। এসময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ৪টি ফুটবল উপহার হিসাবে তুলেদেন।
এছাড়াও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বে ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০টি ফুটবল বিতরণ করেন তিনি।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ছেলেদের মধ্যে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তিলুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় রিফাত হোসেন। মেয়েদের মধ্যে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় বুশরাত।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এসময় উপস্থিত ছিলেন তিলোকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছা: তাসলিমা খাতুন, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোছাঃ লুৎফুন্নাহার, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা খানম, নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বছির আহাম্মেদ, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক কল্যাণময় প্রামানিক, পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সহ খেলা পরিচালনা কমিটির সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ।
সম্পাদনায়: আ.স / প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক।