
রাজশাহী:
রাজশাহীতে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও পেশাগত ক্যারিয়ার গঠনের লক্ষ্যে রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর আয়োজনে শুরু হওয়া ইন্টার্নশিপ প্রোগ্রামের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন সম্ভাবনাময় তরুণ-তরুণী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী মহানগরীর একটি হলরুমে এ ওরিয়েন্টেশন শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী ওরিয়েন্টেশন শেষ হয় বিকেল ৬টায়।
ইন্টার্নশিপ প্রোগ্রামের ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী তরুণদের রেডিও সম্প্রচার, এফএম রেডিও, নিউ মিডিয়া, গণমাধ্যমে কাজের বিভিন্ন দিক এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে সময়, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে
কীভাবে নিজেকে প্রস্তুত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সিডিডি বাংলাদেশের চেয়ারম্যান এবং রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর সিনিয়র প্রোডিউসার ও প্রেজেন্টার ওয়ালিউর রহমান বাবু বলেন, “তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম বিশেষ ভূমিকা পালন করবে। গণমাধ্যম ও যোগাযোগের পরিবর্তিত বাস্তবতায় তরুণদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইন্টার্নশিপের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে আরও বিকশিত করার সুযোগ পাবে।”
রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর স্টেশন ম্যানেজার শাহানা পারভীন বলেন, “ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কয়েকশ আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই করে ৩০ জন সম্ভাবনাময় তরুণ-তরুণীকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমরা আশা করি, তারা এই সুযোগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং তাদের সময়, মেধা ও পরিশ্রমকে সর্বোচ্চভাবে কাজে লাগাবে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ‘এফএম রেডিও ও নিউ মিডিয়া’ বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর হেড অব প্রোগ্রাম সোহান রেজা। সেশনে এফএম রেডিওর কার্যক্রম, অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনা, কনটেন্ট তৈরি, শ্রোতাদের সঙ্গে যোগাযোগ
এবং নিউ মিডিয়ার ক্রমবর্ধমান প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইন্টার্নশিপ প্রোগ্রামে সুযোগ পাওয়া তরুণ-তরুণীরা বলেন, রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। বিশেষ করে গণমাধ্যম ও এফএম রেডিওতে হাতে-কলমে কাজ শেখার সুযোগ আরও কম। এমন বাস্তবতায় রেডিও পদ্মা ৯৯.২ এফএম তরুণদের জন্য
এ ধরনের ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা এই সুযোগকে নিজেদের দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর ডেপুটি স্টেশন ম্যানেজার আসাদুর রহমান। এ সময় রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর সিনিয়র প্রোডিউসার ও প্রেজেন্টার সাম্মী সুমিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তরুণদের গণমাধ্যম বিষয়ে বাস্তব জ্ঞান, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলতেই এই ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিক প্রশিক্ষণ, ব্যবহারিক কাজ ও অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে নির্বাচিত ইন্টার্নরা রেডিও ও নিউ মিডিয়া বিষয়ে নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
রাজশাহীর তরুণদের জন্য পেশাগত দক্ষতা উন্নয়নের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।