
নিজস্ব প্রতিবেদক।। নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে নাটোরের লালপুরে সরকারি, আধা সরকারি কর্মচারীরা দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন সরকারি, আধা সরকারি বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। এই দাবির প্রেক্ষিতে সরকার একটি পে-কমিশন গঠন করে এবং কমিশনের প্রতিবেদন ইতোমধ্যেই সরকারের হাতে পৌঁছেছে। তবে প্রতিবেদন হাতে পাওয়ার পরও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে । জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার বক্তব্যে সরকারি, আধা সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এতে তাদের ভবিষ্যৎ ও জীবিকা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
আন্দোলনকারীরা আরো জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির অপেক্ষায় থেকেও তাদের দাবি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা বাধ্য হয়ে কর্মসূচিতে নেমেছেন। তাদের অভিযোগ, বর্তমান মূল্যস্ফীতির বাজারে ন্যূনতম সম্মানজনক বেতন ছাড়া পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকার যদি অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করে, তবে তারা সঙ্গে সঙ্গে কাজে ফিরে যাবেন বলে জানান।
অন্যদিকে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের কর্মচারি, গ্রাম পুলিশ, পোস্ট স্টাফদেরকেও কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ হাফিজুল ইসলাম ৯ম জাতীয় পে-স্কেল এর প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ এবং তা ১লা জানুয়ারি ২০২৬ হতে কার্যকর করার দাবী তুলে ধরেন। তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তরে ভোগান্তির শিকার হতে হয়েছে। জরুরি সেবা ব্যাহত হওয়ায় অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।