
নাটোর প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উৎসব মুখর উপস্থিতি দেখা গেছে। এ আসনে প্রতিদ্বন্দ্বি সম্ভাব্য তিন প্রার্থী নিজ নিজ ভোট কেন্দ্রে তাঁদের ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টায় স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী তাইফুল ইসলাম টিপু বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সকাল ৮টায় জামায়াতে ইসলামী মনোনীত ১১ জোটের প্রার্থী আবুল কালাম পাইকপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং সকাল ১০টায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারাজানা শারমিন পুতুল গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন।
গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে ফারাজানা শারমিন পুতুল বলেন, নিজের জন্য, দেশের জন্য ভোট দিলাম। আজকে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে। মিস করছি আমার পিতা মরহুম ফজলুর রহমান পটলকে। সকাল থেকে কোন অনিয়ম হচ্ছে বলে মনে হচ্ছে না। নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।
পাইকপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘ কয়েক বছর পর ভোট দিতে পেরে নিজের কাছে খুব আনন্দ লাগছে। ভোটের পরিবেশ সুন্দর আছে। জয় পরাজয় যেটাই হোক না কেন আমরা সেটা মেনে নিবো। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলে দিনশেষে ১১ দলীয় জোটের প্রার্থী বিজয়ী হবে বলে আশা করেন তিনি।
বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তাইফুল ইসলাম টিপু বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, সুযোগ পেলেই মানুষ ভোট দিবেন। বিগত ১৭ বছর যারা ভোট কেন্দ্রে ভোটারদের না আসার জন্য উৎসাহিত করছে, আজকে দেখছি আরেক শ্রেণির ওই স্টাইলেই আবার ভোট কেন্দ্রে মানুষকে আসার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। এই চর্চা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। ভোট কেন্দ্রে মানুষের যতো উপস্থিতি বাড়বে আমার বিজয় ততোই সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি।
সরেজমিন দেখা যায়, ভোটারদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। লালপুরের বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট শুরু হওয়ার ৪ ঘন্টা পরে বেলা সাড়ে ১১টায় ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায়। মহিলা কেন্দ্রে ভোট পড়েছে ৭৮৫টি। এখানে ভোটার সংখ্যা ২৭৭২ জন। এখানে পুরুষ কেন্দ্রে ভোট পড়েছে ৯৪০টি। এখানে মোট ভোটার সংখ্যা ২৬৮৬ জন।
উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুরের বাসিন্দা শতবর্ষী ভোটার রাবেয়া খাতুন তাঁর মেয়ের কোলে চড়ে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, অনেক দিন পর সুষ্ঠুভাবে ভোট দিতে পেয়ে খুশি।
এবারের প্রথম ভোটার সানজিদা খাতুন জানান, ‘আমি এদেশের একজন সম্মানিত নাগরিক। দেশের নেতা নির্বাচনে আমার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। আমার কাছে কেউ ভোট চাননি। আমি আমার পছন্দমতো সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের লোকজনও কেউ কোন প্রার্থীকে ভোট দিতে বলেননি। আমার খুব ভালো লাগছে।’