
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ইমাম হাসানকে সভাপতি, আরটিভির নাটোর জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেনকে সহ-সভাপতি এবং পাবনা জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান হাফিজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।
এ সময় ফরিদ খান বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই এই সংগঠনের মূল লক্ষ্য। রাজশাহী বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে এই অঞ্চলের সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা সাংবাদিকদের অন্যতম কর্তব্য। বাংলাদেশ প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবে।”
ফরিদ খান বলেন, “মরহুম আব্দুল হালিম মন্ডল ছিলেন এই সংগঠনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার নিষ্ঠা, শ্রম ও ত্যাগের কারণেই আজ রাজশাহী বিভাগে সংগঠনের ভিত্তি শক্ত হয়েছে। আমরা তার অবদান কখনোই ভুলব না।”
এর আগে বিকেলে রাজশাহী বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হালিম মন্ডলকে স্মরণ করে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম আব্দুল হালিম মন্ডলকে স্মরণ করে বলেন, তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং একজন দক্ষ ও দূরদর্শী সংগঠক ছিলেন। তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের ফলেই আজ রাজশাহী বিভাগীয় কমিটির কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে।
বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনায়: আ.স/ প্রতিবেদক: আল আমিন