শুক্রবার | ২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি

রাশিদুল ইসলাম রাশেদ:
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ এর সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোছা. সানজিদা ইয়াসমিন তুলি বলেছেন, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার মানুষের যেকোনো সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে প্রয়োজনে নিজের জীবনও উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে ২০২৬) বিকেলে নাটোরের লালপুর উপজেলার ত্রিমোহনী চত্বরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ঈদের পর থেকেই লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে এলাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে সড়কপথে নিজ উপজেলা লালপুরের উদ্দেশ্যে রওনা দেন সংসদ সদস্য তুলি। পরে সন্ধ্যায় তিনি প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এবং তার বাবা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আকতার হোসেন মণ্ডলের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মুক্তারুজ্জামান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, জেলা ছাত্রদলের সদস্য মো. নাসির উদ্দিন, বিএনপি নেতা বদরুদ্দোজা বকুল মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২২-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.