
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচিত হওয়ার পর প্রথম রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর রাজশাহী আগমন উপলক্ষে ও প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তুলতে প্রস্তুতি সভা করেছেন রাজশাহী জেলা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে নগরীর নানকিং কমিউনিটি সেন্টার হলে নেতাকর্মী এ প্রস্তুতি সভা করেন।
সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সভা সঞ্চালনা করেন- রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অত্র অঞ্চলের দলীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন, পাশাপাশি সফলভাবে এই অনুষ্ঠান শেষ করার জন্য সকলের সহযোগিতা চান।
একদিনে দেশের তিনটি বিভাগ সফরের অংশ হিসেবে আগামী আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) রাজশাহী আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করবেন।
একই সাথে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন এবং ইক্ষু চাষীদের মাঝে প্রণোদনা বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ও সংক্ষিপ্ত সফরকে ঘিরে রাজশাহীজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সর্বোচ্চ প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে মাঠের সার্বিক প্রস্তুতি ও সংস্কার কাজ সরেজমিন পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে প্রথমে রংপুর যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। রাজশাহী পৌঁছে তিনি দুপুর দেড়টায় নগরীর ‘রাজশাহী ধর্মসভা মন্দির’ পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নাগরিক সমাবেশে ও জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্কিট হাউসে সংক্ষিপ্ত অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুক্রবার (১৬ অক্টোবর ২০২৭) বেলা সাড়ে ১১টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা ময়দান) পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি মাঠের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণ করে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
এর আগে ও পরে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মাদ্রাসা মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন রাস্তা সংস্কার এবং মঞ্চ তৈরির কাজসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্ত গ্রহণ করায় তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরও বলেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠন, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই সফর সফল করার কাজ চলছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ এবং রাস্তাঘাট সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
মাঠ পরিদর্শনের সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।