| |

ব্রহ্মপুত্রের ভাঙনে সুখের বাতি গ্রামে দুঃখের ছায়া

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের মিলনস্থলে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন কয়েকটি জনপদের মানুষের জীবন থেকে সুখের আলো কেড়ে নিচ্ছে। উপজেলার জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে নদীভাঙন রোধের দাবিতে শত শত নারী-পুরুষের মানববন্ধন ও সমাবেশ করেছে। শতাধিক শিশু শিক্ষার্থীর উদ্বিগ্ন মুখ যেন আমাদের গ্রামীণ উন্নয়ন ও মানবিক দায়িত্ববোধের সামনে এক কঠিন পরিস্থিতির জানান দিয়েছে। গ্রামের বৃদ্ধা আছিয়া বেগমের আকুতি, “এই ভিটাটুকুই আমাদের সব। নদী যদি নিয়ে যায়, আমরা কোথায় যাব?” সুখের বাতি গ্রামের নামের সঙ্গে আজ যেন জড়িয়ে গেছে দুঃখের অন্ধকার। ব্রম্মপুত্রের নদীর ভয়াবহ ভাঙ্গনে পুরাতন বসতভিটা, আবাদি জমি,গাছপালা, ও পারিবারিক কবরস্থান বিলীন হচ্ছে ।

ব্রহ্মপুত্র নদী নিমিষেই কেড়ে নিচ্ছে একের পর এক বসতভিটা হুমকির মুখে পড়েছে মোল্লাহাট কড্ডার মোড়, বাজার সহ প্রায় ৪ শতাধিক পরিবার। সুখের বাতি গ্রাম ছাড়াও “গত ২০ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট সংলগ্ন রসুলপুর ও ভূগোলের কুটি গ্রামে ব্রম্মপুত্রের তীরে ভাঙ্গনের ভয়াবহ দৃশ্য দেখা গেছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের তান্ডবে প্রায় ৫০টি পরিবারের বসতভিটা, গাছপালা, আবাদি জমি পারিবারিক কবরস্থান গিলে ফেলেছে ব্রহ্মপুত্র।” ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি ও গাছপালা নিরাপদ স্থানে সরিয়ে নিতে দিশেহারা হয়েছে ভুক্তভুগিরা।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী আমাদের কৃষি, অর্থনীতি, যোগাযোগ, জীববৈচিত্র্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু নদীর আশীর্বাদ অনেক সময় অভিশাপে পরিণত হয়, যখন তার ভাঙনে মানুষের বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও জীবিকার অবলম্বন বিলীন হয়ে যায়। বিশেষ করে কুড়িগ্রাম জেলার মতো নদীবেষ্টিত অঞ্চলে নদীভাঙন মানুষের নিত্যদিনের আতঙ্ক। ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন, বর্ষায় পানির প্রবল প্রবাহ, নদীর তলদেশে পলি জমা, চর সৃষ্টি এবং স্রোতের আঘাতে নদীতীরের মাটি দুর্বল হয়ে পড়া ভাঙনের অন্যতম কারণ। ব্রহ্মপুত্র-যমুনা একটি বহুধারাবিশিষ্ট ও গতিশীল নদব্যবস্থা। এর প্রবাহপথ ও তীররেখা পরিবর্তনের ফলে একদিকে চর জাগে, অন্যদিকে বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে হারিয়ে যায়।

অনেক পরিবার একবার ভাঙনের শিকার হয়ে অন্যত্র আশ্রয় নেয়, আবার সেখানেও ভাঙনের মুখে পড়ে। এভাবে তারা ক্রমাগত ভূমিহীন ও দরিদ্র হয়ে পড়ে। কেউ দিনমজুরিতে যুক্ত হয়, কেউ শহরে পাড়ি জমায়, কেউবা অনিশ্চিত জীবিকার সন্ধানে অন্যের জমিতে কাজ করতে বাধ্য হয়। নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা এ সংকটে সবচেয়ে বেশি বিপন্ন হন।

উলিপুরের জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকার পরিস্থিতি আমাদের নিত্য নদীভাঙনজনিত দীর্ঘমেয়াদি মানবিক ও উন্নয়ন সংকটের প্রতিচ্ছবি। শত শত মানুষের মানববন্ধন এবং শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে, স্থানীয় জনগণ এখন আর শুধু আশ্বাস শুনতে চায় না। তারা দৃশ্যমান প্রতিরোধমূলক ব্যবস্থা চায়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নদীতীর সংরক্ষণবিষয়ক গবেষণা ও প্রকল্প দলিলগুলোতে নদীর গতিশীলতা, তীর সংরক্ষণ, নদীশাসন এবং সমন্বিত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উঠে এসেছে। বিশ্বব্যাংকের কারিগরি সহায়তায় প্রস্তাবিত যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা কর্মসূচিতে নদীশাসন, নৌপথ উন্নয়ন, তীর সংরক্ষণ, দুর্যোগঝুঁকি অর্থায়ন ও জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ নদী ব্যবস্থাপনায় বিচ্ছিন্ন ও সাময়িক উদ্যোগের পরিবর্তে সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তা সরকার ও উন্নয়ন সহযোগীদের নীতিগত আলোচনাতেও স্বীকৃত।

উলিপুরের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন ভাঙনপ্রবণ প্রায় এক কিলোমিটার এলাকার জরুরি কারিগরি সমীক্ষা। নদীর স্রোতের গতিপ্রকৃতি, গভীরতা, তীরের মাটির গঠন, ভাঙনের বিস্তার এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞদের দিয়ে দ্রুত সরেজমিন পরিদর্শন করিয়ে অগ্রাধিকারভিত্তিক প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন করা জরুরি। প্রয়োজন অনুযায়ী জিওব্যাগ, কংক্রিট ব্লক, জিওটিউব, নদীতীর প্রতিরক্ষা বাঁধ কিংবা অন্যান্য বিজ্ঞানসম্মত প্রকৌশল পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে শুধু দৃশ্যমান স্থানে কিছু ব্লক ফেলে দায় শেষ করলে চলবে না। নদীর স্রোত ও তীরের প্রকৃতি বিবেচনায় নিয়ে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উলিপুরের ভাঙ্গকবলিত এরাকার শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব আমাদের সবার। সেখানকার ভুক্তভোগীদের মানববন্ধনে শতাধিক শিশুর অংশগ্রহণ আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক বার্তা। বড়দের সঙ্গে ছোট ছোট শিশুদেরও নিজেদের বিদ্যালয় রক্ষার দাবিতে নদীর পাড়ে দাঁড়াতে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, দুর্যোগের কারণে কোনো শিশুর শিক্ষা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। ভাঙনের আশঙ্কায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিকল্প স্থান দ্রুত নির্ধারণ করতে হবে। প্রয়োজনে অস্থায়ী শ্রেণিকক্ষ, নিরাপদ স্থানে স্থানান্তরযোগ্য শিক্ষাকেন্দ্র এবং বিদ্যালয়ের আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শিশুদের মানসিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন। বাড়িঘর হারানোর আতঙ্ক, বিদ্যালয় হারানোর আশঙ্কা এবং পরিবারের আর্থিক অনিশ্চয়তা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিদ্যালয়ভিত্তিক কাউন্সেলিং, শিশু সুরক্ষা কার্যক্রম এবং ঝুঁকিপূর্ণ পরিবারের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা নিশ্চিত করা দরকার। কোনো শিশুকে যেন নদীভাঙনের কারণে শিশুশ্রম, বাল্যবিবাহ কিংবা ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হতে না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

প্রস্তাবিত প্রকল্পের ব্যয়, কাজের সময়সীমা, ঠিকাদার নির্বাচন, কাজের মান এবং অগ্রগতি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত রাখতে হবে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা বরাদ্দের অপচয় হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। সরকারি অর্থ ব্যয়ের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কারণ নদীভাঙন প্রতিরোধের নামে প্রকল্প গ্রহণ করেও যদি কার্যকর কাজ না হয়, তাহলে জনগণের অর্থের অপচয়ের পাশাপাশি মানুষের জীবন ও সম্পদও ঝুঁকিতে থাকবে।

জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ নদীর স্বাভাবিক প্রবাহ, রক্ষণাবেক্ষণ ও নদীসম্পদ সংরক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেছে। তবে নদীভাঙনের মতো স্থানীয় সংকট মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় অপরিহার্য।

এজন্য ব্রহ্মপুত্রের ভাঙনপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ, নদীর তীররেখার পরিবর্তন শনাক্তকরণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করা যেতে পারে। কোথায় ভাঙনের ঝুঁকি বাড়ছে, কোন বসতবাড়ি বা প্রতিষ্ঠান বিপন্ন, কত দিনের মধ্যে স্থানান্তর প্রয়োজন এবং এসব তথ্য স্থানীয় প্রশাসন ও জনগণের কাছে পৌঁছে দিতে হবে। নদীর তীরবর্তী এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ, উপযোগী প্রাকৃতিক উদ্ভিদ সংরক্ষণ এবং পরিবেশসম্মত ভূমি ব্যবস্থাপনাও সহায়ক হতে পারে। তবে বৃক্ষরোপণ কখনোই প্রকৌশলগত তীর সংরক্ষণের বিকল্প নয়।

উলিপুরের মতো নদীবেষ্টিত অঞ্চলে একটি সমন্বিত নদীভাঙন ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা থাকা প্রয়োজন। এতে জরুরি প্রতিরক্ষা, দীর্ঘমেয়াদি নদীশাসন, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো রক্ষা, পুনর্বাসন এবং বিকল্প জীবিকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে।

জলঙ্গার কুটি ও বাবুর চরের মানুষের দাবি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উচিত অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া। বিশেষ করে বর্ষা ও নদীর পানি বৃদ্ধির সময়কে সামনে রেখে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণে বিলম্ব করা যাবে না। ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আগাম সতর্ক করা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এবং বিদ্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিকল্প পরিকল্পনা তৈরি করতে হবে। জনপ্রতিনিধিদেরও শুধু মানববন্ধনে সংহতি প্রকাশ নয়, বরং জাতীয় পর্যায়ে বিষয়টি তুলে ধরে কার্যকর সমাধানে ভূমিকা রাখতে হবে।

কুড়িগ্রাম বাংলাদেশের অন্যতম দরিদ্র ও দুর্যোগপ্রবণ জেলার একটি। এ অঞ্চলের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হলে নদীভাঙনকে দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে। নদীভাঙনে প্রতিবছর মানুষের সম্পদ হারিয়ে গেলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

বৃদ্ধা আছিয়া বেগমের করুণ আঁকুতি, নদী যদি ভিটাটুকু নিয়ে যায়, তিনি কোথায় যাবেন? এর উত্তর শুধু প্রশাসনিক আশ্বাসে দেওয়া সম্ভব নয়। দিতে হবে নিরাপদ বসতি, কার্যকর নদীতীর সংরক্ষণ এবং সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা। শিশুদের চোখের ভয় দূর করতে হবে, তাদের বিদ্যালয় রক্ষা করতে হবে। নদীর সঙ্গে মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে।

সম্প্রতি উলিপুরের জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকার মানুষ কুড়িগ্রামের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর সামনে মানববন্ধন করেছেন। তাদের দাবী সুখের বাতি গ্রামে যেন সত্যিই দুঃখের বাতি না জ্বলে। ব্রহ্মপুত্রের ভাঙনে মানুষের শেষ আশ্রয়টুকু হারিয়ে যাওয়ার আগেই এজন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। মানববন্ধনের দাবি যেন সুখের বাতি গ্রাম আরেকটি সংবাদ হয়ে হারিয়ে না যায়। জলঙ্গার কুটি ও বাবুর চরের মানুষের জন্য এখন প্রয়োজন দ্রুত, বিজ্ঞানসম্মত ও টেকসই উদ্যোগ। কারণ নদীভাঙনে মানুষ শুধু জমি হারায় না, হারায় শেকড়, স্বপ্ন ও ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব আমাদের সবার।

*প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন। E-mail: [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.