শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের ঝাপড়া বটতলা এলাকায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নাটোর জেলা শাখা।
ড্যাবের মুখপাত্র ডা. তৈমুর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে প্রায় ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও তিন লাখ টাকার বেশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানবকল্যাণমুখী দর্শনকে ধারণ করে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। অমৃতপাড়া গ্রামের সাজ্জাদ আলী (৪৫) বলেন, অর্থাভাবে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। গ্রামের মানুষ হিসেবে এমন সেবা পাওয়া আমাদের জন্য অনেক বড় সহায়তা।
একইভাবে কয়লার ডহর গ্রামের সুমি খাতুন (৩৫) বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় আমরা উপকৃত হয়েছি। নিয়মিত এমন আয়োজন হলে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়বে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান। তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
চিকিৎসাসেবা প্রদানকারী টিমে ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডা. তৈমুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অবস অ্যান্ড গাইনি) ডা. রেজওয়ানা শারমিন লিমা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আনিসুর রহমান, নাটোর সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবুল কালাম, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাড়জোড়া বিশেষজ্ঞ ডা. মো. শরিফুল ইসলাম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. এম. এ. মজিদ মুন্না এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানীসহ অন্যান্য চিকিৎসকরা।
আয়োজকরা জানান, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি পালিত হয়। তারই অংশ হিসেবে এবার লালপুরের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/৩০-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.