| |

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে।

৩১ আগস্ট ২০২৬, সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে Centre for Disability in Development (CDD)-এর আয়োজনে ToGETHER 2.0 Project-এর আওতায় Humanitarian Operation and Innovation Facility (HOIFA)-এর উদ্যোগে এ কিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৩৮ জন উপকারভোগীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন Centre for Disability in Development (CDD)-এর মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ইসরাত জাহান, প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট সালসি রিমা, কমিউনিটি ফ্যাসিলিটেটর নার্গিস সুলতানা, মোস্তাফিজুর রহমান ও মুন্নি আক্তার

কিট বিতরণ অনুষ্ঠানে তাপপ্রবাহের সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি তাপজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় সতর্কতা, পর্যাপ্ত পানি পান ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্য সুরক্ষা কিটে মোট ১৪টি প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়। এর মধ্যে ছিল কন্টেইনার, ছাতা, হাতপাখা, টর্চলাইট, গামছা, পানির পট, পাউডার, স্যানিটারি ন্যাপকিন, সাবান, ডিটারজেন্ট, পাটি, ক্যাপ ও অ্যান্টিসেপটিক ক্রিমসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।

কিট পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, তীব্র গরমের সময় এসব সামগ্রী তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কাজে আসবে এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে।

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিলমাড়ীয়া ইউনিয়নের গরিব ও অসহায় ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও উপকারী। ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করায় CDD ও সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই কিটগুলো তাপপ্রবাহের সময় আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং উপকারভোগীদের অনেক উপকারে আসবে।”

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিটি German Humanitarian Assistance, Aktion Deutschland Hilft এবং Malteser International-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.