
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি বাড়ির রান্নাঘর থেকে গোখরা সাপের প্রায় ৩০টি বাচ্চা উদ্ধার হয়েছে। তবে মা সাপটির কোনো খোঁজ না মেলায় বাড়ির সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. মজু মালিথার ছেলে মো. রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে রব্বানীর স্ত্রী মোছা. যাইবুন নেসা (জনি) রান্নার জন্য জ্বালানি কাঠ আনতে রান্নাঘরে যান। এ সময় তিনি সেখানে সাপের বাসা এবং ছোট ছোট অসংখ্য সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে প্রায় ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন।
তবে বাচ্চাগুলো উদ্ধার করা গেলেও মা গোখরা সাপটির কোনো সন্ধান মেলেনি। এতে বাড়ির লোকজনের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাদের ধারণা, বড় সাপটি এখনও বাড়ির আশপাশে কোথাও লুকিয়ে থাকতে পারে, যা যে কোনো সময় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করে সাপের বাচ্চাগুলো দেখতে আসেন।
দুড়দুড়িয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন সাধু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০৩