
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া ভূমিহীন সংগঠন ‘নিজেরা করি’র যৌথ আয়োজনে সংগ্রামের ৪৫ বছর উদযাপন হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সন্ধ্যায় উপজেলার সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান। পরিচালনা করেন বাগাতিপাড়া ভূমিহীন নেতা ইসমাইল হোসেন। আলোচনা সভায় বক্তব্য দেন, লালপুর ভূমিহীন নেতা রাজিয়া বেগম, সাগরিকা খাতুন, বাবুল আক্তার, আবু বক্কার এবং বাগাতিপাড়া ভূমিহীন নেতা জালাল উদ্দিন, আব্দুল মালেক। নিজেরা করি-এর পক্ষ থেকে বক্তব্য দেন অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম। এছাড়া দুই উপজেলার সকল কর্মীবৃন্দ সহযোগিতা করেন।
বক্তারা তাঁদের বক্তব্যের মাধ্যমে নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের সার্বিক কার্যক্রম এবং দীর্ঘ ৪৫ বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, সংগঠনটি বিভিন্ন অন্যায়-অনিয়মের প্রতিবাদ, কর্ম এলাকাসহ সারা দেশে নারী, কিশোরী ও শিশু নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন, ন্যায়বিচার প্রাপ্তিতে সার্বিক সহযোগিতা, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, পরিবেশ রক্ষাসহ দরিদ্র নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এ ছাড়া সাংবাদিক, শিক্ষক ও সমমনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে দরিদ্র মানুষের পক্ষে সমর্থন আদায় করেছে। নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।
আলোচনা সভা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও সচেতনতামূলক গণনাটক পরিবেশন করা হয়।