শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

আমার মৃত্যু হলে

-আবুল কালাম মুহম্মদ আজাদ

আমার মৃত্যু হলে
প্রথমেই ভেঙে যাবে নাম।
সিঙ্গেল কলাম শোক সংবাদে কিছুতেই ধরবে না
আমার চার শব্দের এই নামটি।
তিনটা শব্দ ফেলে দিতে
মোটেও কাঁপবে না বার্তা সম্পাদকের সিদ্ধহস্ত আঙুল। ভোরের আলো ফোটার আগেই প্রকাশিত পত্রিকায় বের হবে আমার বিবর্তিত নাম।
ভাবতে অবাক লাগে,
কত ঠুনকো পরিচয় বয়ে
বেড়াচ্ছি আমি!

আসলে আমার পৃথিবীটা এতটাই ছোট ।
আমি সেখানে একটা পাখির নিরিবিলি ঘুমানোর ব্যবস্থাও করতে পারিনি।
খুব কাছে থেকে দেখিওনি কোনো পাখি।
একটা পাখি পর্যন্ত আমাকে চেনে না।
সুতরাং ভুলে যাওয়া নয়,
আমাকে মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না
কোনো পাখির।

আমার পৈত্রিক বাড়িতে বিস্তৃত উঠোন ছিল।
সন্ধ্যার অন্ধকারে তাতে হাসনাহেনার মাতাল গন্ধ এসে গা ভাসিয়ে দিত।
যে উঠোন একদিন আমাকে নাম ধরে ডাকতো
তার জন্য আসলে আমি কিছুই করতে পারিনি।
এখন সেই উঠোন যেকোনো ভবনের চিলেকোঠা।

আমার মৃত্যু হলে
প্রথমেই ভেঙে যাবে আমার নাম।
যেভাবে কালের বিবর্তনে আমাদের গাঁয়ের নদীটির নাম হয়ে গেছে বিল।
কেউ জানে না নদীটির কী নাম ছিল একদিন।

অগত্যা যে বিলটি ছিল তাতেও ফুটে থাকতো দুপুরমণি ফুল।
আমি সেই বিল কিংবা ফুলের জন্য
কিছুই করতে পারিনি।
বিলটি এখন শুধুই পুকুরের সমাহার
আর ফুল তো এখন ফেরারি আসামির মতো কোথায় পালিয়ে আছে- কে জানে!
আমার মৃত্যু হলে
আমি সেই নদীর মতো হব
আমি সেই বিলের মতো হব
আমি সেই ফুলের মতো হব।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.