
নাটোর প্রতিনিধি :
‘নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করে নিয়মে পরিণত করতে হবে। আখ চাষী, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল গঠনে সকল সহযোগিতা করা হবে।’
রোববার (১ মার্চ ২০২৬) নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো জুলহাস হোসেন সৌরভ, মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নবনির্বাচিত সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।
উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিএনপি নেতা সাইদুজ্জামান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন প্রমুখ।
প্রতিমন্ত্রী পুতুল বলেন, প্রতিবছর দেশে মোট উৎপাদিত চিনির শতকরা ২৩ ভাগ নর্থ বেঙ্গল সুগার মিল থেকে উৎপাদন করা হয়। যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন তাদের অনেকের পেনশনের টাকা এখনো পাননি। অনতিবিলম্বে এই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুগার মিলের উৎপাদিত মূলাসেস ব্যবহার করে ডিসট্রিলারি তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের চিনি শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিক-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি, আখচাষ সম্প্রসারণ এবং মিলের আর্থিক স্থিতিশীলতা অর্জনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি সুসংগঠিত ও দায়িত্বশীল ইউনিয়ন মিলের শৃঙ্খলা বজায় রাখা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মিলের এমডি মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে মিল পরিচালিত হলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি মিলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের বিষয়ে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এর আগে প্রতিমন্ত্রী ১৯৭১ সালের ৫ মে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যায় শহীদদের স্মরণে ‘শহীদ সাগর’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বৃক্ষরোপন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।