
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় সাইবার অপরাধ দমন এবং মাদকবিরোধী বিশেষ অভিযানে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুখ্যাত ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ী সাঈদ হাসান সাগর (৩৩) এবং তার স্ত্রী। সাগর উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও মো. ইমরান আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোমিনপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সামসের মোল্লার বাড়ির সামনে থেকে ওই দম্পতিকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ইমো হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ইমো হ্যাকিংয়ে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, সাগরের বিরুদ্ধে পূর্বে ২০১৭, ২০২৩ ও ২০২৫ সালে একাধিক মামলা রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ইমো হ্যাকিংয়ের অভিযোগে সাগরকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত শনিবার (১৮ এপ্রিল ২০২৬) একই গ্রামের একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০২