| |

চিকিৎসার পথে এনআইডির বাধা, ক্ষোভ জানালেন অসুস্থ সাংবাদিক ইসাহাক

রাশিদুল ইসলাম রাশেদ :

জীবন বাঁচাতে জরুরি চিকিৎসা প্রয়োজন। কিডনির কার্যক্ষমতা সংকটাপন্ন, ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি। তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতায়ও ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক ইসাহাক আলী। কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন নিয়ে প্রশাসনিক জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর চিকিৎসার উদ্যোগ। এর মধ্যে এসএসসি ও এইচএসসি সনদের নাম সংশোধন করে ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ পাওয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে তাঁর।

বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতির কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। এমন সংকটময় সময়ে দ্রুত উন্নত চিকিৎসা নেওয়া জরুরি হলেও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা তাঁকে আটকে রেখেছে।

গতকাল রাতে এক ফেসবুক লাইভে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ইসাহাক অভিযোগ করেন, তাঁকে একেক সময় একেক রকম শর্তের বেড়াজালে ফেলে একধরনের হেনস্তা করা হচ্ছে। এনআইডি সংশোধনের এই জটিলতায় চিকিৎসা নিতে না পেরে তাঁর জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা দায়ী থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

জন্মপরিচয়ের অমিল থেকে জটিলতা
ইসাহাকের জন্মপরিচয় ও সরকারি নথিপত্রের তথ্যের অমিল থেকেই সমস্যার সূত্রপাত। জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও মা সালেহা বেগমের কাছে লালিত-পালিত হয়েছেন তিনি। পরে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম।

তাঁর জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে রয়েছে পালিত বাবা-মায়ের নাম। অন্যদিকে জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এ কারণে সম্পত্তি বিক্রি, খাজনা-খারিজ ও বিভিন্ন দাপ্তরিক কাজেও জটিলতায় পড়তে হচ্ছে তাঁকে।

সমাধানের জন্য জন্মনিবন্ধন সংশোধন ও এফিডেভিটসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেছেন ইসাহাক। তিনি বলেন, উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে বাড়ি পরিদর্শন করে প্রতিবেশী, পালিত বাবা-মা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। এরপরও সমস্যার নিষ্পত্তি হয়নি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে এক ক্ষুদে বার্তা দিয়ে জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদের নাম সংশোধন করে জমা দিতে হবে।

ইসাহাক আলী বলেন, তিনি সনদ সংশোধনে অস্বীকৃতি জানাননি। সংশোধনাধীন সনদ আপাতত ব্যবহার করবেন না বলে লিখিত অঙ্গীকারনামাও দিয়েছেন। কিন্তু শিক্ষা বোর্ডের প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত সনদ হাতে পাওয়া প্রায় অসম্ভব।

মানবিক বিবেচনায় সমাধানের আবেদন
ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক বলেন, তাঁর পালিত বাবা এখন শয্যাশায়ী। বিছানা থেকে উঠতে পারেন না। জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজেও এমন অসুস্থ যে অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না। এই অবস্থায় সনদ সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় থাকাটা তাঁর জন্য আরও উদ্বেগের।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধন সময়সাপেক্ষ বিষয়। ১৫ দিনের মধ্যে তা করা সম্ভব নয়।

রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন সম্ভব নয় বলে জানানো হলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।

কাগজপত্রের অপেক্ষায় যেন আটকে না থাকে চিকিৎসা

ইসাহাক বলেন, তাঁর অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে সম্পন্ন হওয়া তদন্ত এবং জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে এনআইডি সংশোধনের জটিলতা দ্রুত নিরসন করা হোক। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার কোনো আইনসম্মত বিকল্প ব্যবস্থা রয়েছে কি না, তা বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইসাহাকের চাওয়া খুব বেশি কিছু নয়—চিকিৎসার সুযোগ, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ, স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ।

তাঁর আকুতি, “আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।”

যে মানুষটি দীর্ঘদিন অন্যের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন, আজ তাঁর নিজের অসহায়ত্বই যেন বড় হয়ে উঠেছে। গুরুতর অসুস্থ এই সাংবাদিকের চিকিৎসার প্রয়োজনীয়তা ও সময়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের পথ বের করবে—এমন প্রত্যাশা তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

কাগজপত্র সংশোধনের প্রক্রিয়া চলুক নিয়ম মেনেই। তবে সেই প্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষায় যেন জরুরি চিকিৎসার সুযোগ হারিয়ে না যায়। ইসাহাকের কাছে এখন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। তাঁর বাঁচার আকুতির সামনে তাই বড় হয়ে উঠেছে কয়েকটি মানবিক প্রশ্ন—জীবন রক্ষার জরুরি প্রয়োজনে প্রশাসনিক জটিলতার আইনসম্মত সমাধান কি আরও দ্রুত সম্ভব নয়? সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিন প্রতিবেদনের পরেও জীবন মৃত্যুর সন্নিকটে কেন এই সময়ক্ষেপণ? মানুষের সেবার জন্য যে আইন, সে আইন মানুষের জীবনের চেয়ে কি বড়?

 

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গে /০৯-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.