| |

বড়াইগ্রামে টয়লেটে লুকানো ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রাম উপজেলা এলাকায় গোপনে মজুত করে রাখা ১০৮ লিটার ডিজেল উদ্ধার করেছে র‍্যাব ও উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান দল। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার ধানাইদাহ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্র জানায়, ধানাইদাহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে অবস্থিত ওই বাসায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের খবর পেয়ে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়।
অভিযানকালে মনমোহন টোব্যাকোর ম্যানেজার মো. সজীবের ভাড়া বাসার টয়লেট থেকে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসন জানিয়েছে, জব্দ করা ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৪-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.