শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩

লালপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুর উপজেলায় পারিবারিক অভিমানের জেরে নুপুর খাতুন (১৩) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১ মে ২০২৬) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। সে বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বড়িয়া গ্রামের গোলাম জাকারিয়া (৫৫) এর মেয়ে নুপুর খাতুন পারিবারিক বিষয় নিয়ে সৎ মায়ের সঙ্গে অভিমান করে নিজ বসত ঘরে একা অবস্থায় গলায় ফাঁস দেয়। সকাল আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুপুর খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.