
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সাদ্দাম (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
নিহত সাদ্দাম উপজেলার গোপালপুর মহিষাখোলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাদ্দামের দুই চাচাতো ভাই লালন ও বানিয়ামের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় লালন এবং তার শ্বশুরবাড়ির লোকজন ধারালো হাঁসুয়া দিয়ে সাদ্দামের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন শিউলি বেগম বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০১