| |

থানার উল্টো পাশে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে থানার সামনেই একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে ২০২৬) দুপুরে এ ঘটনায় লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক মো. আব্দুল খালেক।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় লালপুর থানার বিপরীতে অবস্থিত ‘বিসমিল্লাহ জুয়েলার্স’ নামের দোকানটিতে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন ভাতিজার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করেন।
বুধবার সকাল ৮টার দিকে দোকানে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা দোকানের টিনের চাল ও নিচের লোহার রড কেটে ভেতরে ঢুকেছে। পরে দোকানের বিভিন্ন স্বর্ণ ও রুপার অলংকার খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.