রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩

লালপুরে বিদেশি নাগরিকদের হেনস্তায় সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলার একটি বিনোদনকেন্দ্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই বিদেশি নাগরিককে ঘিরে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে ২০২৬) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (৮ মে ২০২৬) উপজেলার গ্রিন ভ্যালি পার্কে রাজশাহী থেকে আসা কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর বিদেশি দুই ব্যক্তিকে ঘিরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং একের পর এক অসৌজন্যমূলক প্রশ্ন করতে থাকেন। এতে ওই বিদেশিদের স্পষ্টতই অস্বস্তিতে পড়তে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজন যুবকের আচরণকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ‘অশোভন’ ও ‘বিব্রতকর’ বলে আখ্যা দিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা দেশের ভাবমূর্তি ও পর্যটন খাতের জন্য নেতিবাচক বার্তা বহন করে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেটিজেনদের অনেকেই বলেছেন, বিদেশি অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা নাগরিক দায়িত্বের অংশ। কিন্তু কিছু ব্যক্তি জনপ্রিয়তা পাওয়ার আশায় বিদেশিদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছেন, যা উদ্বেগজনক।
গ্রিন ভ্যালি পার্কের প্রশাসনিক ব্যবস্থাপক এস.এম. ওয়াজেদুর রহমান জানান, ওইদিন টিকটকারদের একটি দল পার্কে একটি মিলনমেলার আয়োজনের জন্য নির্ধারিত স্থান ভাড়া নেয়। অনুষ্ঠান শুরুর আগে তাদের পার্কের নিয়ম-কানুন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে অনুষ্ঠান চলাকালে নিরাপত্তাকর্মীদের অগোচরে কয়েকজন অংশগ্রহণকারী দুই রাশিয়ান নাগরিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
তিনি আরও বলেন, “ঘটনার সময় বিদেশি অতিথিরা কোনো অভিযোগ না করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের নজরে আসেনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমরা বিষয়টি জানতে পারি।” অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি ভবিষ্যতে পার্কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দেন। পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার কথাও বলেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এ ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ জরুরি।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.