সোমবার | ১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩

নাটোরে রাশিয়ান পর্যটক হেনস্তার ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে একটি বিনোদনকেন্দ্রে দুই রুশ নাগরিককে হেনস্তার অভিযোগে কথিত দুই কনটেন্ট ক্রিয়েটরকে (টিকটকার) আটক করেছে পুলিশ। রবিবার (১০ মে ২০২৬) তাদের একজনকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যজনের জড়িত থাকার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৯) ও তানোর উপজেলার আড়াদিঘি গ্রামের আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলাম (২৩)।
জানা যায়, গত শুক্রবার (৮ মে ২০২৬) উপজেলার গ্রীন ভ্যালি পার্কে বেড়াতে আসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত দুই রুশ নাগরিক। এ সময় রাজশাহী থেকে আসা ১০-১৫ জন কথিত কনটেন্ট ক্রিয়েটর বিকেল ৩টার দিকে তাদের ঘিরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং একের পর এক অসৌজন্যমূলক প্রশ্ন করতে থাকেন। এতে ওই বিদেশি নাগরিকরা অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন।
শনিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরে এ ঘটনায় পার্কের প্রশাসনিক ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নাটোরের পুলিশ সুপারের নির্দেশনা ও রাজশাহী জেলা পুলিশের সহায়তায় লালপুর থানা পুলিশের একটি চৌকস দল রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে একজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অন্যজনের জড়িত থাকার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, অভিযুক্ত আমিনুল ইসলামকে সাইবার সুরক্ষা আইন-২০২৬ অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.