
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ যুবদলের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত সোয়া ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের মো. মনিরুজ্জামান (৩৯), ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. কাজল (৪০) এবং রাজশাহীর বাঘা উপজেলার হিলালপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ মোল্লার ছেলে মো. আব্দুস সামাদ মোল্লা (৪৭)। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান।
জানা যায়, আটক মাহমুদ হাসান ওরফে সোনামনি ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ছোট ভাই ও মৃত আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আব্দুস সামাদ মোল্লার বিরুদ্ধেও হত্যা, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা আদালতে চলমান রয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লালপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, অপরাধ দমন ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি সাদা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি কালো রঙের ম্যাগাজিন, ছয়টি মোবাইল ফোন এবং ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০১