
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় একদল যুবকের হামলার শিকার হয়েছেন র্যাব-৫ এর পাঁচ সদস্য। এ ঘটনায় সোহাগ মাহমুদ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়। আটক সোহাগ মাহমুদ উপজেলার নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থান এলাকায় র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্যের একটি দল সাদাপোশাকে মোটরসাইকেলযোগে মাদকবিরোধী তথ্য সংগ্রহে যায়। এ সময় নদীতীর ও কবরস্থানসংলগ্ন এলাকায় অবস্থানরত ১৫ থেকে ২০ জন যুবক তাদের পথরোধ করে পরিচয় জানতে চান।
র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পর সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা র্যাব সদস্যদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে র্যাবের পাঁচ সদস্য আহত হন।
খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত র্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা শেষে ব্যারাকে ফিরে গেলেও শাহীন হোসেন নামের এক সদস্য বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. সুরুজ্জামান শামীম।
এ বিষয়ে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, র্যাব সদস্যদের সঙ্গে স্থানীয় যুবকদের মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে সোহাগ মাহমুদকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ / উপসম্পাদক প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০৪