
নিজস্ব প্রতিবেদক :
নাটোর -১ (লালপুর – বাগাতিপাড়া) আসনের এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্যে অনলাইন অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল উদ্যোগ নেওয়া হলেও জনগণ এসব সেবা সম্পর্কে অবগত না থাকলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালতমুখী না হয়ে পারস্পরিক সমঝোতা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, একটি ভূমি মামলা নিষ্পত্তি হতে অনেক সময় কয়েক দশক পর্যন্ত লেগে যায়। এতে মামলার মূল পক্ষের অনেকেই চূড়ান্ত রায় দেখে যেতে পারেন না। তাই জনগণকে ডিজিটাল ভূমি সেবা ব্যবহারের পাশাপাশি দ্রুত সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অধিকাংশ ভূমি বিরোধ পরিবার বা প্রতিবেশীদের মধ্যে হয়ে থাকে। এসব সমস্যা ইউনিয়ন পর্যায়ের গ্রাম আদালত কিংবা সালিসি ব্যবস্থার মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব। অতীতে সালিসি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা শাহিন, মোহাম্মদ শরিফুল হক এবং আবুল হায়াত। এ সময় পুলিশ সুপার বলেন, দেশের বিভিন্ন ফৌজদারি অপরাধের পেছনে ভূমি বিরোধ অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।
উদ্বোধনের আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
তিন দিনব্যাপী এ ভূমি মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা ও কার্যক্রম তুলে ধরতে মোট সাতটি স্টল স্থাপন করা হয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০৭