শুক্রবার | ৫ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক:
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।
পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করাই দিবসটির মূল লক্ষ্য। জাতিসংঘের উদ্যোগে পালিত এ দিবসটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ জনসচেতনতামূলক বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশ্বের শতাধিক দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে প্রতিবছর দিবসটি উদযাপিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং এটি একটি বৈশ্বিক বাস্তবতা। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। ঘনঘন বন্যা, খরা ও ঘূর্ণিঝড়, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্যহীনতা দেশের জনজীবন, জীববৈচিত্র্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
রাষ্ট্রপতি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে এবং এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জলবায়ু ঝুঁকির প্রেক্ষাপটে দেশের কৃষি ব্যবস্থাকে আরও টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে।
প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত ও দূরদর্শী নীতিকাঠামো অনুসরণ করছে।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৫ জুন সুইডেনের স্টকহোমে জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) শুরু হয়, যা ১৬ জুন পর্যন্ত চলেছিল। ওই সম্মেলনের স্মরণে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয় ১৯৭৪ সালে। এরপর থেকে প্রতি বছর ভিন্ন ভিন্ন শহর ও প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন পরিবেশবাদী ও উন্নয়নমূলক সংগঠন আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি এবং সচেতনতামূলক নানা আয়োজন হাতে নিয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.