| |

অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত শফি সরদারের ছেলে রাকিবুল ইসলাম রকি (২৪), রামকৃষ্ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ফাহিম হোসেন (২৩) এবং বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজন (৩০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বালিতিতা ইসলামপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির বাড়িতে অভিযান চালান। এ সময় অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এসময় তাঁদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ কর হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.