শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ লালপুরে কৃষকের দক্ষতা ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস ফুটবল ট্রিওন্ডায় আঁকা তিন দেশের তিন ঢেউয়ের গন্তব্য কোথায়? বড়াইগ্রামে মডার্ন হারবাল গ্রুপের বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার লালপুরে নেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাত বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ লালপুর বাজার উন্নয়ন ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে পদ্মার চরে একটি স্পিডবোট থেকে আজিজুল হক ঝড়ু ওরফে ঝড়ু মাস্তান (৩৫) নামে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরজাজিরা চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পাশ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। বালুমহালকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা থানার সীমান্তবর্তী হবির চর এলাকায় বালুমহাল নিয়ে বেলাল ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পেয়ে বিভিন্ন চরাঞ্চল ও নদীতীর এলাকায় খোঁজাখুঁজি শুরু করে পুলিশ।
পরে চরজাজিরা এলাকায় পদ্মা নদীর তীরে একটি স্পিডবোটের ভেতর রক্তাক্ত অবস্থায় আজিজুল হক ঝড়ুর মরদেহ পাওয়া যায়। জানা গেছে, আজিজুল হক ঝড়ু রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বালু উত্তোলন কেন্দ্রে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল নদী এলাকা হওয়ায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ ব্যাপারে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সবুজ ও নীল রঙের স্পিডবোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বালুমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১০-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.