
নিজস্ব প্রতিবেদক :
উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, সরকারি অর্থ আত্মসাৎ বা উন্নয়ন কাজে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে নিজের দলের কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া যাবে না।
শুক্রবার (১২ জুন) নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ, চাল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ এবং স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রশাসনের উদ্দেশে বলেন, এলাকায় রাস্তা, সেতু-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়িত হবে। এসব কাজে কেউ দুর্নীতি করলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, আমার দলের লোক হলেও তাকে ছাড় দেবেন না। সরকারি অর্থ তছরুপ করার অধিকার কারও নেই।
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠনের পরামর্শও দেন তিনি।
এর আগে বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মধ্যে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্ম-সহায়ক উপকরণ ও বৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে সন্তানদের রক্ষায় শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, নতুন অর্থবছরের বাজেট জনবান্ধব। আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিভিন্ন সামাজিক ভাতার আওতা বাড়ানোর পাশাপাশি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হচ্ছে। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে গ্রাম আদালত ও জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত ও বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে।
বাগাতিপাড়া সফরে প্রতিমন্ত্রী উপজেলা খাদ্যগুদামে চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া উপজেলা জিমনেশিয়ামে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন করেন। পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০৫