
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় পৃথক অভিযানে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অর্থঋণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি এস এম নাদিম মোস্তফাকে তার নিজ বাড়ি থেকে রাত পৌনে ২টার দিকে গ্রেপ্তার করেন। সে উপজেলার সাইপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে। বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত), নাটোর তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন।
অপরদিকে, লালপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনছার আলী মাদক আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শিশিরকে বৈদ্যনাথপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে রাত ১টার দিকে গ্রেপ্তার করেন। সে ওই গ্রামের মো. শামীম আহম্মেদের ছেলে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানিয়েছেন, গ্রেপ্তার দুই আসামিকে সোমবারই আদালতে সোপর্দ করা হয়েছে।
রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০১