
নিজস্ব প্রতিবেদক |
তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Humanitarian Operation and Innovation Facility (HOIFA)-এর উদ্যোগে ToGETHER 2.0 Project-এর আওতায় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) লালপুর, নাটোরে অবস্থিত ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন Centre for Disability in Development (CDD)-এর ফিল্ড কো-অর্ডিনেটর বিশারত আলী, কমিউনিটি ফ্যাসিলিটেটর নার্গিস সুলতানা ও রাকিবুল ইসলাম। কর্মশালায় বিদ্যালয়ের ৩০জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অংশ নেন।
কর্মশালায় তাপপ্রবাহের সময় করণীয়, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান, হিটস্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিশেষভাবে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের তাপপ্রবাহজনিত ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন, নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনে অনুসরণযোগ্য স্বাস্থ্যবিধি ও নিরাপত্তামূলক আচরণ সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি Centre for Disability in Development (CDD) এবং ToGETHER!-এর আয়োজনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি German Humanitarian Assistance, Aktion Deutschland Hilft এবং Malteser International-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।