শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের ৫ মাসে নাটোরের লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলের বিশেষ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ হতে গৃহীত এ সকল প্রকল্পে অনিয়ম-দুর্নীতি রোধে প্রতিমন্ত্রীর নির্দেশে বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠন করে তা বাস্তবায়ন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির মাধ্যমে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ১৭৯ টি প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, কাঁচা রাস্তা সংস্কার ও রাস্তা এইচবিবি (হেরিংবোন বন্ড) করা হয়েছে। গৃহীত ১৭৯ টি প্রকল্পের মধ্যে ১৬৩ টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং ১৬ টি উপজেলা প্রকৌশলীর কার্যালয় বাস্তবায়ন করেছে। প্রকল্প সমূহ বাস্তবায়নে নগদ ২ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার ৫০ টাকা, ৬৯ দশমিক ৩৫০ মেট্রিক টন চাল ও ৭০ দশমিক ৩৫০ মেট্রিক টন গম ব্যয় হয়েছে।
জানা গেছে, এ সকল উন্নয়ন প্রকল্প ও এডিপিতে উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ হতে গৃহীত প্রকল্পে অনিয়ম দুর্নীতি রোধে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নিজ নিজ এলাকার কাজ বুঝে নেওয়ার জন্য প্রকল্পের শুরু থেকেই জনসাধারণকে আহবান জানান। পাশাপাশি বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। পরে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ছাড়াও বেসরকারী ব্যক্তিদের নিয়ে বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।


স্থানীয়রা বলেন, প্রকল্প বাস্তবায়নের কাজে কঠোর নজরদারী থাকায় ঠিকাদাররা কাজে অনিয়ম করার সাহস পাননি। প্রতিমন্ত্রীর এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
বিশেষ প্রকল্প মনিটরিং কমিটির সদস্য ও ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, তাঁর ইউনিয়নে ৫ টি রাস্তা এইচবিবি, ৬ টি মসজিদ, ১ টি মন্দির ও ১ কিন্ডারগার্টেন স্কুলে বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মহোদয়কে প্রতিদিনের আপডেট জানিয়েছেন। বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি এইচবিবি রাস্তার ইট তুলে বালু ও নিচের স্তরে ঠিকমত ইট দেওয়া হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেছেন।
ঠিকাদার ফিরোজ হোসেন জানান, তিনি এডিবির বিশেষ বরাদ্দে নুরুল্লাপুর গোরস্থানের রাস্তার এইচবিবি করণ কাজ বাস্তবায়ন করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মহোদরের নির্দেশ মেনে আমরা সাধ্যমত ভালো কাজ করার চেষ্টা করেছেন।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু বলেন, স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তাঁর আসনে দৃষ্টান্তমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেছেন। এ সকল প্রকল্প বাস্তবায়নে শতভাগ দুর্নীতিমুক্ত রাখতে প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দলীয় নেতা-কর্মীরা সর্বাত্মক সহযোগিত নিশ্চিত করতে বদ্ধ পরিকর।


উপজেলা প্রকৌশলী মো. আওলাদ হোসেন বলেন, প্রকল্প সমূহের কাজ নিয়মানুযায়ী শতভাগ নিশ্চিত করার জন্য সচেষ্ট ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকির মাধ্যমে কাজের গুনগত মান নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, তিনি নিজে নিয়মিতভাবে প্রকল্প সমুহের কাজ পরিদর্শন করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ছাড়াও বেসরকারী ব্যক্তিদের নিয়ে বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটি উপজেলার ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গোরস্থান, স্মশানঘাট, কাঁচা রাস্তা সংস্কার ও কাঁচা রাস্তা এইচবিবি করণ প্রকল্প পরিদর্শন কাজের মানের সঠিকতা যাচাই করেন। নিম্নমানের উপকরণ ব্যবহার হয়ে থাকলে তা পরিবর্তনে ঠিকাদারদের বাধ্য করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, এলাকার উন্নয়ন কর্মকান্ডে কোন প্রকার অনিয়ম, দুর্নীতি মেনে নেওয়া হবে না। যে কোন প্রকার অনিয়ম দুর্নীতি প্রমানিত হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের হক কাউকে আত্মসাৎ করতে দেওয়া হবে না।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.