
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ালিউর ইসলাম ওলি (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর চাচাতো ভাই ও কাজীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকালে জানাজা শেষে নবীনগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-লালপুর -বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লক্ষীপুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওয়ালিউর ইসলাম। এ সময় লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২০-০১